অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


মিয়ানমারে পাচারের সময় ভোলায় ৮ হাজার কেজি ইউরিয়া সার জব্দ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:২৬

remove_red_eye

১৫২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার তজুমদ্দিনে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকালে ১৬০ বস্তা ইউরিয়া সারসহ একটি স্টিলবডি ট্রলার জব্দ করেছে কোস্ট গার্ড। 
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি এক প্রেস রিলিজের মাধ্যমে জানান, শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ভোলার তজুমদ্দিন থানাধীন মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন মেঘনা নদীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তজুমদ্দিন কোস্ট গার্ড স্টেশনের  সদস্যরা। এ সময় ওই এলাকায় সন্দেহজনক একটি স্টিলবডি ট্রলারে তল্লাশি চালানো হয়।
এ সময় মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বহন করা ১৬০ বস্তা, মোট ৮ হাজার কেজি ইউরিয়া সার উদ্ধার করা হয়। জব্দকৃত সারের আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত স্টিলবডি ট্রলারটিও জব্দ করা হয়।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত ইউরিয়া সার ও পাচারকাজে ব্যবহৃত ট্রলিটির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।