অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৪শে আগস্ট ২০২৬ | ৯ই ভাদ্র ১৪৩৩


চরফ্যাসনে ৩২টি সন্ধি ও করি কাইট্টা প্রজাতির কচ্ছপ উদ্ধার


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে আগস্ট ২০২৬ রাত ১০:০২

remove_red_eye

৫৩

চরফ্যাশন প্রতিনিধি : পাচারের উদ্দেশ্যে রাখা ৩২টি কচ্ছপ উদ্ধার করে  ভোলার চরফ্যাশন বন বিভাগের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। চরফ্যাশন উপজেলা সদর থেকে বিলুপ্তপ্রায় সন্ধি ও করি কাইট্টা প্রজাতির ৩২টি কচ্ছপ উদ্ধার করে বন বিভাগ। গতকাল শনিবার রাত ১০টায় মাছ বাজার থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়।
বন বিভাগ জানায়, গোপন সংবাদ পাওয়া যায় পাচারের উদ্দেশ্যে মাছবাজারে বিপুলসংখ্যক কচ্ছপ পাচারের উদ্দেশে মজুত করা হয়েছে এই তথ্য পেয়ে বন বিভাগ অভিযান চালিয়ে ওই দোকান থেকে একটি প্লাস্টিকের ড্রামের মধ্যে ৩২টি কচ্ছপ উদ্ধার করে। সবগুলো কচ্ছপ জীবিত পাওয়া গেছে। 
ভোলা বন কর্মকর্তার নির্দেশনায় উপজেলা নার্সারি কেন্দ্রের ফরেস্টার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আল খুসবুর নেতৃত্বে একটি ইউনিট অভিযানে অংশ নেন। বন বিভাগের কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া কচ্ছপের মধ্যে ৩২টি আজ রবিবার সকালে বন বিভাগের পুকুরে অবমুক্ত করা হয়েছে। 
বন বিভাগের বন কর্মকর্তা আবদুস সালাম বলেন, দীর্ঘদিন ধরে আমাদের কাছে তথ্য আসে চরফ্যাশন উপজেলার ৪টি স্থান থেকে দীর্ঘদিন ধরে বিলুপ্ত কচ্ছপ পাচার করা হয়। বাংলাদেশে ২০১২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী কচ্ছপ শিকার ও পাচার সম্পূর্ণ নিষিদ্ধ হলেও দেশি-বিদেশি চোরাকারবারিরা ধুম, সন্ধি, করি কাইট্টা ও হলুদ কাইট্টার মতো প্রায় বিলুপ্ত প্রজাতির কচ্ছপ অবৈধভাবে শিকার ও পাচার করে আসছে। আন্তর্জাতিক বাজারে এর মাংস ও খোলসের চড়া দাম হওয়ায় কচ্ছপ পাচার হচ্ছে। রাতে উদ্ধার হওয়া কচ্ছপগুলো সন্ধি ও করি কাইট্টা প্রজাতির। যা বাংলাদেশে প্রায় বিলুপ্ত। পরিত্যাক্ত অবস্থায় পাওয়ায় কারো বিরুদ্ধে মামলা হয়নি বলেও জানান তিনি।