অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৪শে আগস্ট ২০২৬ | ৯ই ভাদ্র ১৪৩৩


ভোলায় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে চালু হলো এমআরআই সেবা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে আগস্ট ২০২৬ রাত ০৯:৩৭

remove_red_eye

১৩৯

কামরুল ইসলাম : ভোলায় প্রথমবারের মতো একটি বেসরকারি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে চালু হলো ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং (এমআরআই) সেবা। রোগ নির্ণয়ের আধুনিক সুবিধা বাড়াতে শহরের সদর হাসপাতাল সড়কে দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে আসা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এ সেবা চালু করেছে।
রোববার (২৩ আগস্ট) বিকেলে ভোলা শহরের সদর হাসপাতাল সড়ক এলাকায় প্রতিষ্ঠানটির দ্বিতীয় ইউনিটের নতুন ভবনে কোরআন খতম ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে এমআরআই সেবার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাজ্জাক, চেয়ারম্যান মো. আবদুর রহমান, শেয়ারহোল্ডার, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, নতুন এ সেবা চালুর ফলে ভোলার রোগীদের বিভিন্ন জটিল রোগ নির্ণয়ের জন্য অন্য জেলায় গিয়ে এমআরআই পরীক্ষা করানোর প্রয়োজন কমবে। বিশেষ করে বরিশাল বা ঢাকায় গিয়ে পরীক্ষা করানোর ক্ষেত্রে রোগী ও স্বজনদের সময়, যাতায়াত ও অতিরিক্ত ব্যয়ের চাপ কমবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের নতুন ইউনিটে জাপানের হিটাচি (Hitachi) ব্র্যান্ডের সিটি স্ক্যান (CT Scan) ও এমআরআই করার সুবিধা রয়েছে। পাশাপাশি প্যাথলজি, আল্ট্রাসনোগ্রাম, এক্স-রে ও ইসিজি পরীক্ষার ব্যবস্থাও রয়েছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়, এসব সেবা দিতে গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট এবং আধুনিক মাইক্রোবায়োলজিক্যাল ল্যাব রয়েছে। রোগ নির্ণয় সেবার পাশাপাশি দেশের বিভিন্ন স্থান ও ভোলার স্থানীয় পর্যায়ের বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিয়মিত এখানে রোগী দেখেন। প্রতিষ্ঠানটি ২৪ ঘণ্টা সেবা দেওয়ার কথাও জানিয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, ভোলায় আধুনিক রোগ নির্ণয় সুবিধা সম্প্রসারিত হওয়ায় স্থানীয় রোগীদের চিকিৎসাসেবায় নতুন সুযোগ তৈরি হয়েছে। তবে এমআরআইসহ আধুনিক পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে উন্নত যন্ত্রপাতির পাশাপাশি দক্ষ জনবল, মানসম্মত পরীক্ষা এবং নির্ভুল রিপোর্ট নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। এসব বিষয় নিশ্চিত করা গেলে স্থানীয় পর্যায়ে উন্নত রোগ নির্ণয় সেবার সুবিধা আরও কার্যকর হবে।