বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২১শে আগস্ট ২০২৬ রাত ১২:১৬
৪৯
নীরবতা, একক প্রার্থিতা ও বিনা প্রতিদ্বন্দ্বিতার দীর্ঘ সাড়ে তিন দশকের রুটিন সমীকরণ ভেঙে অবশেষে প্রত্যক্ষ ভোটাভুটির টানটান উত্তেজনায় মুখরিত হলো জাতীয় সংসদ। ১৯৯১ সালের পর এই প্রথম একাধিক প্রার্থীর উপস্থিতিতে সংসদ সদস্যদের গোপন ব্যালটে নির্বাচিত হলেন রাষ্ট্রপ্রধান। ক্ষমতাসীন বিএনপি জোটের সমর্থিত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উৎসবমুখর ও রাজনৈতিক আবহে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে বিকেল ৫টা ১৮ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। ৩৪৩টি প্রদত্ত ভোটের মধ্যে বিজয়ী প্রার্থী মির্জা ফখরুল পেয়েছেন ২৫৫ ভোট। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন ৮৮ ভোট।

নির্বাচন কমিশনের গেজেট প্রক্রিয়ার পর নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
সংসদ কক্ষে কয়েক ঘণ্টার আনুষ্ঠানিকতা ও সৌজন্যের চিত্র
বৃহস্পতিবার বেলা ২টায় বিশেষ এই ভোটাভুটির আনুষ্ঠানিক সূচনা হয়। এর আগে দুপুর ১টা ৫৬ মিনিটে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান তাঁর জোটের সংসদ সদস্যদের সঙ্গে নিয়ে কক্ষে প্রবেশ করেন। কিছুক্ষণ পর আসনে বসেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
নিয়মানুযায়ী পবিত্র কোরআন তিলাওয়াতের পর সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে সঙ্গে নিয়ে স্বচ্ছ ব্যালট বাক্সগুলো পরীক্ষা করেন সিইসি ও ইসি সচিবালয়ের কর্মকর্তারা। সব প্রক্রিয়া সম্পন্ন করে দুপুর ২টা ১১ মিনিটে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ ভোটাধিকার প্রয়োগ করেন। এটিই ছিল দিনের প্রথম জমা পড়া ব্যালট।
এরপর পর্যায়ক্রমে ভোট দেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা ২টা ১৯ মিনিটে বিরোধীদলীয় নেতা ভোট দেওয়ার পর অন্য সংসদ সদস্যরা সারিবদ্ধভাবে বাক্সে ব্যালট জমা দেন।
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরুর কিছু আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) হাসিমুখে সংসদ অধিবেশন কক্ষে প্রবেশ করেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানান। একইসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ বিরোধীদলীয় সংসদ সদস্যদেরও শুভেচ্ছা জানান।
ভোটের আগে হেডফোন বিড়ম্বনা!
শুরুর দিকে রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা (সিইসি) এ এম এম নাসির উদ্দিন প্রার্থীদের নাম ঘোষণা করতে গেলে সংসদ সদস্যরা জানান, হেডফোনে তাঁরা কথা শুনতে পাচ্ছেন না। এর কিছুক্ষণ পর হেডফোন ঠিক হলে ভোট শুরুর আগে প্রার্থীদের নাম ঘোষণা করেন নির্বাচনী কর্তা।
নির্বাচনী কর্তা আদ্যক্ষর অনুযায়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন। শুরুতেই বলেন বিরোধীদলীয় জোটের প্রার্থী অলি আহমদের (বীর বিক্রম) নাম। সেই সঙ্গে তিনি জানান, তাঁর প্রস্তাবক বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান এবং সমর্থক সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন। এ সময় বিরোধী দলের সংসদ সদস্যরা নীরব ছিলেন।
পরে ঘোষণা করা হয় বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। বিএনপি প্রার্থীর প্রস্তাবক ছিলেন সংসদ সদস্য আবদুল মঈন খান এবং সমর্থক ছিলেন সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় বিএনপি দলীয় সদস্যরা টেবিল চাপড়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সমর্থন জানান।

বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর উপস্থিত সংসদ সদস্যদের সামনেই ব্যালট বাক্স খোলা হয়। গণনা শেষে সিইসি আনুষ্ঠানিক ফল ঘোষণা করলে পুরো সংসদে আনন্দঘন পরিবেশ তৈরি হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ী প্রার্থীকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান। সৌজন্যতার নজির রেখে বিরোধীদলীয় নেতাসহ অন্য এমপিরাও এগিয়ে এসে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে করমর্দন ও কোলাকুলি করে অভিনন্দন জানান।
ভোটজুড়ে ছিল উৎসবমুখরতা, খোশগল্পে মেতেছেন এমপিরা
দুপুর ২টায় ভোটগ্রহণ শুরুর এক ঘণ্টার মধ্যেই অধিকাংশ ভোটার তাঁদের প্রার্থীর পক্ষে ভোট দেন। এরপর প্রায় এক ঘণ্টা অধিবেশন কক্ষে হাতে গোনা কয়েকজন সংসদ সদস্য ছিলেন, যাঁরা নিজেদের মধ্যে জটলা হয়ে গল্প করেছেন। বিশেষ করে সরকারদলীয় সংসদ সদস্যদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছিল। অনেকে হবু রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তুলে ভোটের দিনকে স্মরণীয় করে রাখেন।
দেখা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে ঘিরে কয়েকজন সদস্য কথা বলছিলেন। আবার বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, আন্দালিব রহমান পার্থ, সরকারদলীয় হুইপ আশরাফউদ্দিন নিজানসহ অন্যরাও জটলা হয়ে কথা বলছিলেন। তাঁদের আলোচনার বিষয় ছিল সংবিধানের ৭০ অনুচ্ছেদ। গল্পের মাঝখানে সবাই মিলে অট্টহাসিতেও মেতে উঠেছেন।
পুরো সময়জুড়ে স্পিকারের চেয়ারের সামনে রাখা চেয়ারে বসে ছিলেন নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিনসহ অন্য তিন নির্বাচন কমিশনার। একপর্যায়ে ভোট শেষ হওয়ার ২০ মিনিট আগে আবারও অধিবেশন কক্ষে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই সময় সরকারদলীয় অন্যান্য সংসদ সদস্যও তাঁর সঙ্গে অধিবেশন কক্ষে প্রবেশ করেন।
দলীয় হিসাবের বাইরে বাড়তি ১১ ভোট
ভোটের ফল বিশ্লেষণ করলে স্পষ্ট রাজনৈতিক সমীকরণ সামনে আসে। বিজয়ী প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর নিজের দলের সংসদীয় শক্তির চেয়েও ১১টি বেশি ভোট নিজের ঝুলিতে টেনেছেন।
সংসদের গাণিতিক হিসাব অনুযায়ী, বিএনপির সরাসরি নির্বাচিত ২০৮ জন এবং সংরক্ষিত নারী আসনের ৩৬ জন সংসদ সদস্য মিলিয়ে নিজস্ব ভোট সংখ্যা ছিল ঠিক ২৪৪টি। তবে গণনা শেষে মির্জা ফখরুলের বাক্সে জমা পড়ে ২৫৫টি ব্যালট।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিএনপির নিজস্ব ২৪৪টি ভোটের বাইরে যে উৎসগুলো থেকে বাড়তি ১১টি ভোট যুক্ত হয়েছে, সেগুলো হলো জোটসঙ্গীদের ৩টি ভোট, স্বতন্ত্র ৭টি ভোট ও হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচিত একজন সদস্যের ভোট।
ফলাফল প্রকাশের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের নিজস্ব ব্যালটের বাইরেও স্বতন্ত্র এবং অন্যান্য দলীয় সংসদ সদস্যদের সমর্থন আমরা পেয়েছি। মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার ও সর্বজনগ্রাহ্য ব্যক্তিত্বের কারণেই অতিরিক্ত এই সমর্থন তাঁর পক্ষে এসেছে।
অনুপস্থিত ৬ সদস্য ও প্রতিদ্বন্দ্বীর ভোটাধিকারের সমীকরণ
সংসদের মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে এ দিন ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩৪৩ জন। অনুপস্থিত ৬ জন সদস্য হলেন বিএনপির মির্জা আব্বাস, ড. ওসমান ফারুক, মোস্তফা কামাল পাশা, গাজী নজরুল ইসলাম (বহিষ্কৃত জামায়াত), আবুল হাসান (খেলাফত মজলিশ) ও রুমিন ফারহানা (স্বতন্ত্র)।
রাষ্ট্রপতি প্রার্থী হলেও মির্জা ফখরুল নিজে সংসদ সদস্য হওয়ায় নিজের ব্যালট নিজেই জমা দিতে পেরেছেন। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ এই সংসদের সদস্য না হওয়ায় প্রার্থী হয়েও নিজের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাননি।
৩৫ বছর পর ফিরল সরাসরি প্রতিদ্বন্দ্বিতা
বাংলাদেশে সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯১ সালের ৮ অক্টোবর। এরপর ১৯৯৬, ২০০১, ২০০২, ২০০৯, ২০১৩, ২০১৮ এবং ২০২৩ সালের প্রতিটি নির্বাচনই ছিল বিনা প্রতিদ্বন্দ্বিতার—যেখানে একক প্রার্থী থাকায় ভোটাভুটির প্রয়োজন পড়েনি।

দীর্ঘ ৩৫ বছর পর জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পৃথক প্রার্থী দেওয়ায় আবার সংসদ ভবনের গোপন কক্ষে ভোটাভুটির এই ঐতিহাসিক আমেজ ফিরে এলো।
বঙ্গভবনে নতুন অধ্যায়ের সূচনা
নবনির্বাচিত রাষ্ট্রপতি শুক্রবার সন্ধ্যায় সংবিধান অনুযায়ী আনুষ্ঠানিকভাবে তাঁর পদের শপথ গ্রহণ করবেন। সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে থাকায় ডেপুটি স্পিকার কায়সার কামাল ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে শপথ পাঠ পরিচালনা করবেন।
এর চেয়ে ভালো চয়েজ তো হতে পারে না
একজন সংগ্রামী রাজনৈতিক ব্যক্তিত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হওয়ায় নিজের অভিপ্রায় ব্যক্ত করতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আগাগোড়া একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। এর চেয়ে ভালো চয়েজ তো হতে পারে না। আপাদমস্তক একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। দীর্ঘ সংগ্রাম অতিক্রম করে, জেল-জুলুম সহ্য করে, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে, নিজের শরীর ও জীবনের বিনিময়ে কষ্ট করেছেন। যার বিনিময়ে আমরা আজকে একটি গণতান্ত্রিক দেশ ফিরে পেয়েছি। একটি নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে একটি সংসদ ও সরকার গঠন হয়েছে। আন্দোলন ও সংগ্রামে তাঁর ভূমিকা অগ্রভাগে ছিল। আমরা সবাই জানি, তিনি একজন সৎ ও যোগ্য মানুষ। আমি আনন্দিত যে এরকম একজন মানুষ প্রেসিডেন্টের চেয়ারকে অলংকৃত করতে যাচ্ছেন।
এই গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে—এমন প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, যে গণতান্ত্রিক ধারা ফিরে পাওয়ার জন্য, মানে এই ধারার জন্য আমরা লড়েছি, কষ্ট করেছি, জনগণ প্রাণ দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে, নির্যাতিত হয়েছে। এই ধারাকে আমাদের অব্যাহত রাখতে হবে। গণতন্ত্রের সংস্কৃতি অব্যাহত রাখতে হবে। এটা যদি অব্যাহত থাকে, ইনশাআল্লাহ যে বাংলাদেশ গড়ার প্রত্যয় আমাদের প্রধানমন্ত্রী দিয়েছেন, সবাই মিলে আমরা সেই বাংলাদেশ গড়তে পারব।
দৌলতখানে তেলের গুদামে ভয়াবহ আগুন, পুড়ল ৬ গুদামসহ ৮ দোকান,আহত-৪
মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসায় আলোচনা সভা
মনপুরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজি ওজনের রাজা ইলিশ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত : ইসির প্রজ্ঞাপন জারি
দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলের জীবনবৃত্তান্ত
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত