অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৭ই আগস্ট ২০২৬ | ২৩শে শ্রাবণ ১৪৩৩


জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ভোলায় ৩০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই আগস্ট ২০২৬ দুপুর ১২:৪০

remove_red_eye

৬৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ভোলার নিজাম-হাসিনা ফাউন্ডেশন চক্ষু হাসপাতাল ও জেনারেল হাসপাতালে ৩০০ রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এ উপলক্ষে বুধবার দিনব্যাপী হাসপাতালের চক্ষু ও জেনারেল বিভাগের সব ধরনের চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সাধারণ সময়ে হাসপাতালটি স্বল্পমূল্যে চিকিৎসাসেবা দিলেও বিশেষ এই দিনে কোনো রোগীর কাছ থেকে টিকিট, চিকিৎসা বা পরীক্ষা-নিরীক্ষার জন্য কোনো ধরনের ফি নেওয়া হয়নি।
নিজাম-হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ বলেন, '২০২৪ সালের জুলাই আন্দোলনের যোদ্ধা এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আজকের এই বিনামূল্যের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেছি। তাদের ত্যাগের বিনিময়েই আমরা একটি নতুন বাস্তবতা অর্জন করেছি। সেই অবদানের প্রতি সম্মান জানাতেই এই উদ্যোগ।'
তিনি জানান, দিনব্যাপী প্রায় ২০০ জন রোগী চক্ষু ও সাধারণ স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন। এছাড়া ১০০ জন ছানি রোগীর বিনামূল্যে অস্ত্রোপচার করা হয়েছে। সব মিলিয়ে ৩০০ জন রোগী এই বিশেষ সেবা পেয়েছেন।
তিনি আরও বলেন, নিজাম-হাসিনা ফাউন্ডেশন একটি দাতব্য প্রতিষ্ঠান হিসেবে সারা বছরই দরিদ্র রোগীদের বিভিন্ন চিকিৎসাসেবা ও অস্ত্রোপচার বিনামূল্যে দিয়ে থাকে। তবে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সব শ্রেণির রোগীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ সরবরাহ করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, জুলাই আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজনও করা হয়। একই সঙ্গে ভবিষ্যতেও মানবিক ও জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন হাসপাতাল সংশ্লিষ্টরা।