অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩


গ্রামীণ লোকসংস্কৃতি ধরে রাখতে ভোলায় এখনো পরিবেশন হচ্ছে শিবের গাজন


অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ১৪ই এপ্রিল ২০২৬ সকাল ০৯:৫৫

remove_red_eye

২১৭

চৈত্রসংক্রান্তির গাজন উৎসব ঘিরে মাসজুড়ে চলে এই গানের আয়োজন
 
অচিন্ত্য মজুমদার : বাংলার অন্যতম প্রাচীন লোকউৎসব শিবের গাজন। চৈত্র মাস এলেই গাজন শিল্পীরা ছড়িয়ে পড়েন গ্রামবাংলার পথে-প্রান্তরে। গান গেয়ে বাড়ি বাড়ি গিয়ে চাঁদা সংগ্রহ করেন তাঁরা। মাসজুড়ে সংগৃহীত চাল ও অর্থ দিয়ে চৈত্র সংক্রান্তির দিন আয়োজন করা হয় গাজন উৎসব।
গ্রামীণ এই উৎসব ঘিরে থাকে নানা আচার-অনুষ্ঠান, লোকগান ও ধর্মীয় অনুষঙ্গ। গাজনের গানে উঠে আসে পৌরাণিক কাহিনি ও শাস্ত্রীয় ভাবনা, যা গ্রামীণ সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত।
তবে সময়ের পরিবর্তনে আধুনিক শহুরে সংস্কৃতির প্রভাবে ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে এই লোকঐতিহ্য। আগের মতো আর সর্বত্র গাজনের আয়োজন দেখা যায় না।
এর মধ্যেও ভোলার কিছু গ্রামে এখনো টিকে আছে শিবের গাজনের এই ঐতিহ্য। স্থানীয় মানুষ ও গাজন শিল্পীদের প্রচেষ্টায় প্রতি বছরই আয়োজন করা হচ্ছে এই উৎসব। তাঁদের মতে, নতুন প্রজন্মকে এই সংস্কৃতির সঙ্গে পরিচিত করতে পারলে গাজন আবারও প্রাণ ফিরে পেতে পারে।
চৈত্র মাস এলেই ভোলার গ্রামাঞ্চলে ভেসে আসে ঢাক-ঢোলের শব্দ, গানের সুর আর নৃত্যের ছন্দ। ভোর থেকে গভীর রাত পর্যন্ত বাহারি সাজে সেজে গাজনশিল্পীরা দল বেঁধে ঘুরে বেড়ান গ্রাম থেকে গ্রামে। ঢাক, ঢোল, হারমোনিয়াম, বাঁশি ও করতালের তালে তালে বাড়ি বাড়ি গিয়ে তারা পরিবেশন করেন শিবের গাজনের গান। নাচ ও গানের মাধ্যমে তুলে ধরেন শিবের জীবন, তাঁর বিয়ে ও গৌরীর অভিমানের মতো পৌরাণিক কাহিনি।
জেলার বিভিন্ন গ্রামগঞ্জ আর শহর ঘুরে গান গেয়ে বেড়াচ্ছেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট এলাকার গাজনশিল্পী দোলন চন্দ্র দে। তিনি বলেন, “আমরা ছোটবেলা থেকেই গাজনের সঙ্গে জড়িত। চৈত্র মাসজুড়ে একসঙ্গে থাকি, এক ধরনের সন্ন্যাস জীবন কাটাই। বাড়ি বাড়ি গিয়ে গান গেয়ে যা পাই, তা দিয়েই সংক্রান্তির দিন গাজন উৎসব করি। এটি আমাদের ঐতিহ্য, তাই যত কষ্টই হোক ধরে রাখার চেষ্টা করি।”
স্থানীয় বাসিন্দা শিমুল বিশ্বাস ও রবি কর্মকার জানান, গাজন শুধু বিনোদন নয়, এটি তাদের সংস্কৃতি ও আবেগের অংশ। গাজনের দল এলেই বাড়ির উঠান ভরে ওঠে মানুষে। শিশু থেকে বৃদ্ধ—সব বয়সী মানুষ আগ্রহ নিয়ে গাজনের গান ও নাচ উপভোগ করেন।
ভোলার বাপ্তা ইউনিয়নের কবিরাজ বাড়ির বাসিন্দা  সুনন্দা ও কল্পনা রানী দে বলেন, “গাজনের দল আসলে খুব ভালো লাগে। ছোটবেলায় যেমন দেখতাম, এখনো তেমনই আনন্দ পাই। আমাদের সন্তানদেরও এই সংস্কৃতির সঙ্গে পরিচয় করাতে পারছি, এটা বড় কথা।”
শহরের ওয়েষ্টার্ন পাড়ার বাসিন্দা গোপাল সাহা ও সুমন সাহা বলেন, “এখন অনেক কিছু বদলে গেছে। কিন্তু গাজন এলে মনে হয় শহরটা আবার আগের মতো গ্ৰাম হয়ে গেছে। সবাই একসঙ্গে আনন্দ করে।”
তবে সময়ের সঙ্গে সঙ্গে গাজনশিল্পীর সংখ্যা কমে আসছে বলে জানান স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা। আধুনিক বিনোদনের প্রভাব, কর্মব্যস্ততা ও পৃষ্ঠপোষকতার অভাবে এই ঐতিহ্য হুমকির মুখে পড়েছে।
স্থানীয় সাংস্কৃতিক কর্মী ভাস্কর চন্দ্র মজুমদার ও উত্তম ঘোষ বলেন, “গাজন আমাদের লোকঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু নতুন প্রজন্মের অনেকেই এ বিষয়ে আগ্রহ হারাচ্ছে। যদি এখনই উদ্যোগ না নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে এটি হারিয়ে যেতে পারে।” তারা আরও বলেন, “সরকারি ও বেসরকারি পর্যায়ে পৃষ্ঠপোষকতা বাড়াতে হবে। পাশাপাশি সাংস্কৃতিক সংগঠনগুলোকে এগিয়ে এসে এই ঐতিহ্য রক্ষায় কাজ করতে হবে।”
চৈত্র মাসজুড়ে গাজনশিল্পীরা বাড়ি বাড়ি ঘুরে যে চাল ও অর্থ সংগ্রহ করেন, তা দিয়েই চৈত্রসংক্রান্তির দিনে আয়োজন করা হয় গাজন উৎসব। সেই উৎসব ঘিরে গ্রামবাংলায় তৈরি হয় এক ভিন্ন আবহ, যা গ্রামীণ জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।




একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...