অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


মনপুরায় পুলিশের অভিযানে তিন যুবলীগ নেতা আটক


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই ডিসেম্বর ২০২৪ রাত ০৯:৫৭

remove_red_eye

৫১৩

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় রাতভর অভিযান চালিয়ে তিন যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাত ৩ টায় উপজেলার হাজিরহাট ও বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নে অভিযান চালিয়ে ওই যুবলীগ নেতাদের গ্রেফতার করা হয়। পরে দুপুর ১ টায় আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার ৫ নং কলাতলী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মোঃ অলি উল্যাহ (৫৬), ২ নং হাজিরহাট ইউনিয়ন যুবলীগ সভাপতি নুরনবী ফরাজী (৪৫) ও হাজিরহাট ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অলি উল্লাহ অলি। এদের সবার বাড়ি উপজেলার কলাতলী ও হাজিরহাট ইউনিয়নের বিভিন্ন গ্রামে। এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির আহসান জানান, পুলিশের উপর এ্যাসল্ট মামলায় পলাতক আসামী তিন যুবলীগ নেতাকে আটক করে আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ওই মামলায় অন্য পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।