অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬শে নভেম্বর ২০২৬ বিকাল ০৩:২৬

remove_red_eye

১১

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পার্শ্ববর্তী একটি দেশের উসকানিতে ফ্যাসিবাদী শক্তি দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এ দেশের মানুষ সব সময় প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, যে দেশের মানুষ লুঙ্গি পরে স্টেনগান হাতে নিয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছে, সেই দেশ দখল করা এত সহজ নয়।

আজ বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

নবগঠিত জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির নেতাদের সঙ্গে নিয়ে তিনি সেখানে শ্রদ্ধা নিবেদন করেন।

ভারতের পশ্চিমবঙ্গের এক মন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ওই মন্ত্রী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেওয়ার কথা বলেছেন। এ ধরনের বক্তব্যের জবাবে বাংলাদেশের মানুষের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় প্রত্যয়ের কথা তুলে ধরেন রুহুল কবির রিজভী ।

বিএনপির নেতাকর্মীদের মৃত্যুর ঘটনা প্রসঙ্গে রিজভী বলেন, বিএনপির নেতাকর্মীরা মারা গেলেও সরকার কারও ওপর গুলি না চালিয়ে গণতান্ত্রিক আচরণের পরিচয় দিয়েছে।

পোশাকশ্রমিকদের মজুরি প্রসঙ্গে তিনি বলেন, দেশে পোশাকশ্রমিকদের মজুরি প্রায় ৩৬ শতাংশ বাড়ানো হয়েছে, যা ভারত ও পাকিস্তানের তুলনায় বেশি। শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৪ হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ মজুরি ৬ হাজার ৪৬৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। 

রুহুল কবির রিজভী বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার আন্তরিকভাবে কাজ করছে।

শ্রমিক অসন্তোষ নিরসনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক নেতা নজরুল ইসলাম খানের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, তার পরামর্শ ও নেতৃত্বে শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়ে একটি যুগান্তকারী সমাধানে পৌঁছানো সম্ভব হয়েছে।

নবগঠিত জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটি প্রসঙ্গে রিজভী বলেন, আমানউল্লাহ আমান ও শামসুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে একটি যোগ্য কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, স্বার্থ সংরক্ষণ এবং সংগঠনকে শক্তিশালী করতে নতুন কমিটির নেতারা গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, নবগঠিত শ্রমিক দলের আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান, সদস্য সচিব অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।