অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬শে নভেম্বর ২০২৬ বিকাল ০৩:১৪

remove_red_eye

৮

বোমা, অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বোমা, অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ ও কবিতা পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশকে নিয়ম-কানুন ও শৃঙ্খলার আওতায় আনা গেলে দেশটি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশে পরিণত হবে। এদেশে শাসনব্যবস্থা ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গত ৫৫ বছর ধরে আন্দোলন-সংগ্রাম চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ সংগ্রাম এবং বিশ্ববাসীর কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনের মধ্য দিয়ে দায়িত্বে এসে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, বিশৃঙ্খলা দূর করা ও আইনশৃঙ্খলা প্রতিষ্ঠায় কাজ করছেন।

তিনি বলেন, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী জনগণের নিরাপত্তা ধ্বংস করতে চায়। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ চালিয়ে দেশকে বিপন্ন করার অপচেষ্টা করছে তারা। এ পরিস্থিতিতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং কবি, সাহিত্যিক ও লেখকদের ঐক্যবদ্ধভাবে মাঠে দাঁড়াতে হবে। কোনো ষড়যন্ত্রের কারণে যেন দেশের স্বাধীনতা বিপন্ন না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে শামসুজ্জামান দুদু বলেন, একজন নেত্রী পালিয়ে গেছেন। এরকম দুর্বল ও নির্যাতনকারী শাসক আমি পৃথিবীতে দেখি নাই। তিনি এ দেশের সম্পদ পাচার করে গেছেন। শুধু তিনি নন, তার পরিবারের সদস্যারাও সব পাচার করে নিয়ে গেছেন।

তিনি আরও বলেন, যারা আগুন দিচ্ছে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের ষড়যন্ত্র টিকবে না।

জাতীয়তাবাদী লেখক ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি কবি শাহীন রেজা। সূচনা বক্তব্য রাখেন মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শহিদ আজাদ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক কাদের গণি চৌধুরী।